Published : 13 Nov 2025, 04:12 PM
আওয়ামী লীগের ডাকা লকডাউনে কোনো মানুষ নেই; তারা এআই দিয়ে ছবি তৈরি করে লকডাউন দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার লক্ষ্মীপুরের জনতা ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেছেন, “আওয়ামী লীগের লকডাউনে কোনো মানুষ নেই। এআই দিয়ে কিছু ছবি তৈরি করে তারা লকডাউন পালন করছে।”
তিনি অভিযোগ করেন, “কিছু নেশাগ্রস্ত উচ্ছৃঙ্খল ছেলেদের দিয়ে টাকার বিনিময়ে প্রধান সড়কে গুপ্তভাবে ভোররাতে একটি ঝটিকা মিছিল করে, বাসে আগুন দিয়ে ছবি তুলে তারা ফেইসবুকে ছেড়ে দিচ্ছে।”
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “৪৭ সালের আওয়ামী লীগ, তাদের নেত্রী শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে কেন? উনি প্রধানমন্ত্রী ছিলেন; নিজের ভোটে নিজে প্রধানমন্ত্রী ছিলেন। রাতের অন্ধকারের প্রধানমন্ত্রী, দখলদারিত্বের প্রধানমন্ত্রী, তাহলে পালিয়ে যেতে হবে কেন?
“রাজনীতি করেননি, রাজনীতি করতেও দেননি। আমাদেরকেও রাজনীতি করতে দেননি। যার কারণে আমরা বিএনপির নেতৃত্বে সকল রাজনৈতিক দল একত্রিত হয়েছি আওয়ামী লীগের বিরুদ্ধে ও শেখ হাসিনার বিরুদ্ধে।”
তিনি বলেন, “শেখ হাসিনা বলেছিল যারা বাসে আগুন দেবে, তাদের আগুনে ফেলে দেবে। এখন তো তিনি নাই। তিনি পালিয়ে যাবার আগে তার আত্মীয় স্বজন সবাইকে বিদেশ পাঠিয়ে দিয়েছেন।
“শেখ হাসিনা বলেছিল তিনি পালায় না, কিন্তু তিনি পালিয়ে গেছেন। কিন্তু এ জেনারেশন পালায়নি। এরাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে।”
এ্যানি অভিযোগ করেন, “হাসিনার আমলে অনেক নেতাকর্মীর বিরুদ্ধে হামলা হয়েছে, মামলা হয়েছে। অনেক পরিবার গুম খুনের শিকার হয়েছে।
“স্বাধীনতার পর আওয়ামী লীগ দুর্নীতি, দুঃশাসন ও দূর্বৃত্তায়ন করেছে। এদের হাতে ছিল মুজীব বাহিনি ও রক্ষী বাহিনি।”
নবীন বরণ অনুষ্ঠানে লক্ষ্মীপুরের জনতা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি শিব্বির মাহমুদ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেল্লাল হোসেন, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম উপস্থিত ছিলেন।