রাঙামাটির সমাবেশে পাটওয়ারীর উপস্থিতি: ছাত্রদল-যুবদলের বিক্ষোভ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিনকে নিয়ে কক্সবাজারে এনসিপির সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘কুরুচিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন তারা।
এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী রাঙামাটিতে আসায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
শনিবার কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘কুরুচিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন তারা।
রোববার দুপুরে রাঙামাটিতে এনসিপির সমাবেশের পর বেলা ৩টার দিকে শহরের কাঁঠালতলী জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারক আহমদ সাব্বির ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমন নেতৃত্ব দেন।
মিছিল শেষে সমাবেশে ছাত্রদল নেতা সাব্বির বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের কারণে এনসিপি নেতারা গতকাল কক্সবাজার থেকে ধাওয়া খেয়ে পালিয়েছেন। তার বক্তব্য একটি সভ্য রাজনৈতিক ও গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ আশা করে না।”
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ায় রাঙামাটির ছাত্রসমাজ ক্ষুব্ধ হয়েছে বলে জানান তিনি।
দেশব্যাপী এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে দুপুর ২টায় রাঙামাটি শহরে সমাবেশ শেষে দ্রুত সভাস্থল ত্যাগ করে চট্টগ্রামের উদ্দেশে রওনা করেন নেতাকর্মীরা।
তবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে এনসিপির সভাবেশ মঞ্চের দিকে যাওয়ার চেষ্টা করলে কাঁঠালতলী মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় সড়ক বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন নেতাকর্মীরা। তারা এনসিপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।
এ ছাড়া শহরের বনরুপায় এনসিপির সমাবেশ শুরু আগে সব যানবাহন বন্ধ করে দেওয়া অভিযোগ ওঠে। এ সময় এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা শেষে ফেরার পথে ভোগান্তিতে পড়েন।
