২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা পর ছুটল কর্ণফুলী এক্সপ্রেস

সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিকল্প ইঞ্জিনে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে।

কুমিল্লায় ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা পর ছুটল কর্ণফুলী এক্সপ্রেস
কুমিল্লার লালমাই রেল স্টেশনে ইঞ্জিন বিকলের পর দাঁড়িয়ে থাকা কর্ণফুলী এক্সপ্রেস।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2024, 09:11 PM

Updated : 10 Sep 2026, 12:09 PM

ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লালমাই রেল স্টেশনে কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার প্রায় তিন ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনে ছেড়ে গেছে ট্রেনটি।

তবে এ ঘটনার পর বিকল্প পথে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানান কুমিল্লা রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার।

তিনি বলেন, শনিবার বিকাল পৌনে ৪টার দিকে কর্ণফুলী কমিউটার ট্রেনটি লালমাই রেলওয়ে স্টেশনে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বিকল্প ইঞ্জিন লাগানোর পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

বেসরকারিভাবে পরিচালিত কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় প্রায় তিন ঘণ্টা চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। ট্রেনের প্রতিটি বগিতে যাত্রীদের ভিড় দেখা গেছে। এ ছাড়া ট্রেনটির ছাদেও শতাধিক মানুষ ছিল।

আখাউড়া থেকে ট্রেনটিতে উঠেছিলেন মাসুদ আলম। তিনি বলেন, “চট্টগ্রামে চাকরি করি। রোববার অফিস খোলা। হঠাৎ ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় ট্রেনের ভেতরে গরমে চরম কষ্ট হয়েছে যাত্রীদের। বিশেষ করে নারী ও শিশুদের দুর্ভোগ ছিল চরমে।”

চট্টগ্রামে যাওয়ার উদ্দেশে কুমিল্লা থেকে ট্রেনের ছাদে ওঠা মিলন মিয়া বলেন, “কাল অফিস খোলা। কোনো ট্রেনেই টিকেট পাইনি। বাধ্য হয়ে ট্রেনের ছাদে উঠেছি। ইঞ্জিন নষ্ট হওয়ায় কারণে চরম দুর্ভোগে পড়েছি।”

উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার বলেন, “লালমাই স্টেশনে ট্রেনটি চলন্ত অবস্থায় হঠাৎ দাঁড়িয়ে পড়ে। এই পথে ঢাকা ও চট্টগ্রামমুখী আলাদা লেনও আছে।

“তবে বেসরকারিভাবে পরিচালিত ট্রেনটি স্টেশনে বিকল হওয়ায় সেখানে চারটি লাইন (লুপ লাইন) ছিল। যার কারণে ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি।”

পরে লাকসাম থেকে বিকল্প ইঞ্জিন এনে লাগানোর পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে বলে জানান এই রেলওয়ে কর্মকর্তা।