২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা রেল পুলিশের।

নওগাঁয় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2026, 04:24 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

নওগাঁর আত্রাই উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার ভোরে আহসানগঞ্জ স্টেশনের দক্ষিণ পাশে বিহারীপুর রেলগেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সান্তাহার জি আর পি থানার এসআই মাহফুজুর রহমান জানিয়েছেন। 

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা পুলিশের। তবে তার নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। 

এসআই মাহফুজুর বলেন, “রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। 

“ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

নিহতের পরনে কালো কালারের টি-শার্ট এবং লুঙ্গি ছিল বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা।   

এসআই মাহফুজুর বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।