‘চুরি দেখে ফেলায়’ নারীকে ছুরিকাঘাত হত্যা, যুবককে ‘পুলিশের সামনে পিটিয়ে খুন’
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছুরিকাঘাতে আহত নারীর মৃত্যুর খবর এলাকায় ছড়ালে স্থানীয়দের গণপিটুনিতে ওই যুবক মারা যান বলে জানায় পুলিশ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ‘চুরি করতে দেখে ফেলায়’ ছুরিকাঘাতে এক নারীকে হত্যার অভিযোগে আটক এক যুবককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকালে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাব মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সার্কেল) মেহেদী ইসলাম।
নিহত নারী আমেনা বেগম (৪৫) ওই এলাকার মুদি দোকানি বাবুল দেওয়ানের স্ত্রী।
পিটুনিতে নিহত মেহেদী ইসলাম (৩২) একই উপজেলার বিরাব খালপাড় এলাকার মোস্তফা মিয়ার ছেলে। মেহেদী পেশায় একজন রাজমিস্ত্রি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা মেহেদী ইসলাম বলেন, কয়েকদিন আগে বাবুল দেওয়ানের নতুন বাড়িতে টাইলস স্থাপনের কাজ করেছিলেন মেহেদী। কাজ শেষ হয়ে গেছে চার দিন আগে। শুক্রবার বেলা ৩টার দিকে ওই যুবক বাড়ি ফাঁকা পেয়ে চুরি করতে ঘরে ঢোকেন বলে অভিযোগ ওঠে।
তিনি বলেন, “বাবুলের স্ত্রী আমেনা মোবাইল চুরি করতে দেখে ফেলায় তাকে ছুরিকাঘাত করেন মেহেদী। তার চিৎকারে আশপাশের লোজন জড়ো হয়ে মেহেদীকে আটকে ফেলে। আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
“এ খবর এলাকায় ছড়ালে মেহেদীকেও গণপিটুনি দেন নিহতের স্বজন ও এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই মারা যান মেহেদী। দুই মৃত্যুর ঘটনা ৩০ মিনিটের ব্যবধান।”
প্রত্যক্ষদর্শীরা জানান, চুরি ও ছুরিকাঘাত অভিযোগ ওঠার পর বাবুলের বাড়িতেই মেহেদীকে বেঁধে রাখা হয়েছিল। পরে পুলিশ আসলে তাদের হাতে তুলে দেওয়া হয়। পরে আহত নারীর মৃত্যুর খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী মেহেদীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ওই যুবককে বাড়ি থেকে বের করে গাড়িতে তোলার পথে পুলিশ সদস্যদের কাছ থেকে ছিনিয়ে নেন একদল লোক। পরে তাকে রাস্তায় ফেলে এলোপাথাড়ি লাথি, কিল ঘুষি ও ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়।
সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পরপর এ ঘটনা ঘটে। আমরা সম্পূর্ণভাবে কাস্টরিতে নিতেও পারিনি, তার আগেই বিক্ষুব্ধ লোকজন এ ঘটনা ঘটায়।”
দুটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং উভয় ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান জেলা পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।
