২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ঋণের কথা জানানোয় বন্ধুকে হত্যা: পুলিশ

বুধবার রাতে উপজেলার ঈশানিয়া ইউনিয়নের রনটি গ্রামের ক্ষুদ্র ওষুধ ব্যবসায়ী সাধক চন্দ্র রায়কে হত্যা করা হয়।

দিনাজপুরে ঋণের কথা জানানোয় বন্ধুকে হত্যা: পুলিশ
দিনাজপুরে হত্যা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2025, 07:30 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ১০ হাজার টাকা ঋণের কথা জানানোয় বন্ধুকে হত্যা করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। 

বুধবার রাতে উপজেলার ঈশানিয়া ইউনিয়নের রনটি গ্রামের ক্ষুদ্র ওষুধ ব্যবসায়ী সাধক চন্দ্র রায়কে হত্যা করা হয়। শুক্রবার এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের মোনাদ্বীপ রায়কে গ্রেপ্তার করে পুলিশ। 

আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে  দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন সাংবাদিকদের কাছে এই দাবি করেন। 

তিনি বলেন, সাধকের কাছ থেকে মোনাদ্বীপ ১০ হাজার টাকা ঋণ নেন। বিষয়টি গোপন রাখার কথা ছিল। কিন্তু সাধক বিষয়টি মোনাদ্বীপের অভিভাবকদের জানিয়ে দেন। এতে ক্ষুব্ধ হন মোনাদ্বীপ।    

বুধবার রাতে সাধককে বেদাহার এলাকায় একটি পুকুর পাড়ে ডেকে নেন মোনাদ্বীপ। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে বাঁশের লাঠি দিয়ে সাধকের মাথার পিছনে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এরপর মরদেহ এবং সাধকের মোটরসাইকেল পুকুরে ফেলে মোনাদ্বীপ আত্মগোপনে চলে যায়। শুক্রবার পুকুরে মরদেহ মরদেহ ভেসে ওঠে। 

এ ঘটনায় সাধকের বাবা অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেছেন। শুক্রবার রাতে মোনাদ্বীপকে গ্রেপ্তার করা হয়।  

শনিবার তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুর থেকে মোটরসাইকেল এবং হত্যায় ব্যবহৃত বাঁশের লাঠি উদ্ধার করে পুলিশ।