২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গোপালগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ১, পুড়ে গেছে গাড়িগুলো

দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

গোপালগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ১, পুড়ে গেছে গাড়িগুলো

ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলায় মুখোমুখি সংঘর্ষের পর বাস ও প্রাইভেট কারটিতে আগুন ধরে যায় ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2023, 01:26 PM

Updated : 21 Dec 2023, 01:26 PM

গোপালগঞ্জে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন। সংঘর্ষের পর আগুন লেগে পুড়ে যায় বাস ও প্রাইভেট কারটি।  

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কাশিয়ানী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার। 

নিহত মোহাম্মদ উল্লাহর (৩৮) বাড়ি মানিকগঞ্জ জেলার সানবান্দা গ্রামে।তিনি ওই গ্রামের আব্দুল লতিফ মাস্টারের ছেলে। 

আহতরা হলেন, একই গ্রামের হযরত আলীর তিন ছেলে ফাহিম (২০), ফাহাদ (১৮) এবং ইফাদ (১৬)। তারা প্রাইভেটকারে গ্রামের বাড়ি থেকে সাতক্ষীরা যাচ্ছিলেন বলে জানা গেছে। 

হাইওয়ে পুলিশের পরিদর্শক হাসেম বলেন, সকালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাসটির সঙ্গে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক নিহত হন এবং প্রাইভেটকারে থাকা তিন সহোদর আহত হন। 

এছাড়া সংঘর্ষের পর গাড়ি দুটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে যানবাহন দুটি প্রায় পুরোটাই পুড়ে যায়। 

আহতদেরকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানান এই পরিদর্শক।  

এদিকে, এ দুর্ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে বেলা ১১টার দিকে পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করে।