১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মায়ের কুড়িয়ে পাওয়া ‘খেলনা’ বিস্ফোরণে প্রাণ গেলো ছেলের

মোবাইল ফোনের ব্যাটারিতে ওই খেলনায় জড়ানো তারের সংযোগ দেওয়ার চেষ্টা করলে বিস্ফোরণ ঘটে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2022, 05:15 PM

Updated : 27 Nov 2022, 05:20 PM

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তারে মোড়ানো একটি বস্তু নিয়ে খেলার সময় বিস্ফোরণে এক শিশুর প্রাণ গেছে।

উপজেলার মোহম্মদপুর গ্রামে শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান।

নিহত জুয়েল ওই গ্রামের পাথর ভাঙা শ্রমিক ময়না মিয়ার ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ওসি বলেন, ময়না মিয়া ও তার স্ত্রী জ্যোৎস্না ভারত থেকে আমদানি করা পাথর ভাঙার কাজ করেন। সম্প্রতি কাজ করতে গিয়ে কুড়িয়ে পাওয়া একটি বস্তু বাড়িতে এনে ছেলে জুয়েলকে খেলতে দেন জ্যোৎস্না।

“ওই বস্তুটিতে তার জড়ানো ছিল। শনিবার সন্ধ্যায় জুয়েল তার বাবার মোবাইল ফোনের ব্যাটারিতে ওই খেলনায় জড়ানো তারে সংযোগ দেওয়ার চেষ্টা করছিল। এ সময় সেটির বিস্ফোরণ ঘটে এবং জুয়েলের মুখে আঘাত লাগে।”

পরে পরিবারের সদস্যরা জুয়েলকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

স্থানীয় পাথর শ্রমিকদের বরাতে তিনি আরও বলেন, ভারত থেকে আমদানি করা পাথরের সঙ্গে প্রায়ই বিস্ফোরক জাতীয় বস্তু চলে আসে। যেগুলো পাথর ভাঙার কাজে ব্যবহৃত হয়।

“ধারণা করা হচ্ছে, এমন কোনো বস্তুই খেলনা ভেবে ছেলেকে দিয়েছিলেন জ্যোৎস্না।” যোগ করেন ওসি।