১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাশিমপুর কারাফটকে ৩০০ ইয়াবাসহ কারারক্ষী আটক

আটকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার।

কাশিমপুর কারাফটকে ৩০০ ইয়াবাসহ কারারক্ষী আটক

আটক সাইফুল ইসলাম।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2023, 09:18 PM

Updated : 18 Dec 2023, 09:18 PM

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীকে তল্লাশি করে ৩০০টি ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে কারাগারে প্রবেশের সময় অন্য কারারক্ষীরা এসব উদ্ধার করে বলে জানিয়েছেন কোনাবাড়ী থানার ওসি জিয়াউল ইসলাম।

আটক সাইফুল ইসলাম (৫৯) চাঁদপুর মতলব থানার আদলবিটি গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ জানায়, সোমবার বেলা ১২টার দিকে সাইফুল কারাগারে প্রবেশ করছিলেন। নিয়ম অনুযায়ী অন্য কারারক্ষীরা তাকে তল্লাশি করেন। এ সময় তার প্যান্টের ডান পকেটে ৩০০টি ইয়াবা পাওয়া যায়। পরে তাকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। 

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, “তল্লাশি ছাড়া কাউকে কারাগারে প্রবেশের অনুমতি দেওয়া হয় না। ঘটনার সময় সাইফুল কারারক্ষীদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি জিয়াউল ইসলাম।

১২ ডিসেম্বর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে গাঁজা নিয়ে প্রবেশের সময় সোহেল রানা (২৭) নামের এক কারারক্ষীকে আটক হয়।

এর আগে ২ সেপ্টেম্বর গাজীপুর সিটি করপোরেশনের ময়লার ট্রাক নিয়ে কারাগারে প্রবেশের সময় গাঁজা ও দেশি অস্ত্রসহ দুইজনকে আটক করে কারারক্ষীরা।