চাঁপাইনবাবগঞ্জে খড়ির ঘরে মিলল সাড়ে ৬ কেজি হেরোইন, যুবক গ্রেপ্তার
মেহেদী হেরোইন সংগ্রহ করে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে জানায় এসআরবি।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সাড়ে ছয় কেজির বেশি হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-৫।
মঙ্গলবার ভোরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর হঠাৎপাড়া এলাকার একটি বাড়ির খড়ি রাখার ঘর থেকে এসব মাদক উদ্ধার করা হয় বলে জানিয়েছেন এসআরবি রাজশাহীর সদর কোম্পানির উপ-অধিনায়ক মেজর মঞ্জুরুল কবির পিয়াল।
গ্রেপ্তার মো. মেহেদী হাসান (৩৫) ওই এলাকার প্রয়াত মফিজ উদ্দিনের ছেলে। তবে অভিযানের সময় পালিয়ে গেছেন মো. আল-মামুন (৪০)।
মেজর মঞ্জুরুল কবির বলেন, গোপন খবর পেয়ে ভোর সাড়ে ৫টার দিকে মেহেদীর বাড়িতে অভিযান চালানো হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বসতবাড়ির সামনে খড়ি রাখার ঘরের ভেতর থেকে ছয় কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী বিক্রির উদ্দেশে নিজের হেফাজতে হেরোইন রাখার কথা স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে মেহেদী ও আল-মামুন হেরোইন সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জসহ রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় মেহেদী ও আল-মামুনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে বলে জানান এসআরবি এই কর্মকর্তা।
