বেনাপোলে দায়ের কোপে আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু, আটক ৩
রোববার রাতে বেনাপোলের আমড়াখালী মোড়ে তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়।
যশোরের বেনাপোলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের দায়ের কোপে গুরুতর জখম আওয়ামী লীগের এক নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, “রোববার রাতে বেনাপোলের আমড়াখালী মোড়ে নুর আলমকে (৬০) পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন ওই এলাকার ইমান আলীর ছেলে বাবু। এ সময় ধারালো দায়ের আঘাতে নুর আলমের পেটের ভূড়ি বের হয়ে যায়।”
পরে তাকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর মঙ্গলবার রাত ১২টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান বলেন, নুর আলম বেনাপোল পোর্ট থানার আমড়াখালী ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও রেলগেইট শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- ৪৬২) তিনবারের নির্বাচিত সহসভাপতি ছিলেন।
নুর আলমের মেয়ে রানু বেগম জানান, রোববার রাতে আমড়াখালী মোড়ে শত শত মানুষের মধ্যে বাবু দলবল নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে কুপিয়ে মারাত্মক আহত করে।
“ওই ঘটনায় বাবু তার বাহিনী দিয়ে নুর আলম, তার ভাই শাহ আলমসহ মোট সাতজনকে কুপিয়ে জখম করে। শাহ আলমের অবস্থাও আশঙ্কাজনক। তাকেও খুলনা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
নুর আলমের স্বজন মরিয়ম বেগম ও রুহুল আমিন অভিযোগ করে বলেন, বাবু একজন চোরাচালানী। তিনি মাদকসহ নানা ধরনের অবৈধ ব্যবসা করেন। গ্রামের শালিস-বিচারকে কেন্দ্র করে বাবু মসজিদে বসে শাহ আলম ও নুর আলমের মাথা কেটে ফুটবল খেলার ঘোষণা দিয়েছিলেন। এর তিন দিন পরই বাবু ওই হামলা চালায়।
ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আমড়াখালী গ্রামের মুক্তার হোসেন (৩৬) ও তার ভাই মিজানুর রহমান (৩২) এবং শামলাগাছি গ্রামের আলী হোসেনকে আটক করা হয়েছে। অন্যদের আটকে অভিযান চলছে। ওই এলাকায় ঘটনার দিন থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ মোতায়ন করা হয়েছে।
