২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি-ছিনতাই রোধে নওগাঁয় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে নয় দফা দাবিতে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2024, 12:36 AM

Updated : 26 Aug 2026, 11:11 AM

চাঁদাবাজি, ছিনতাই রোধে এবং সন্ত্রাসী, অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে নওগাঁয় অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে নয় দফা দাবিতে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। 

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক আরমান হোসেন বলেন, “নওগাঁয় দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম  অবনতি ও সন্ত্রাসীদের অবাধ তৎপরতা চলছে। কিশোর গ্যাং, চাঁদাবাজি, ছিনতাই রোধে ও সন্ত্রাসী গ্রেপ্তারে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।”

আরেক সমন্বয়ক ফজলে রাব্বী বলেন, “জননিরাপত্তা নিশ্চিতসহ নয় দফা মেনে নেওয়া না হলে এবং ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে সাত দিন পর জেলার সব থানা ঘেরাও করা হবে।”

কর্মসূচি চলাকালে পুলিশ সুপার কুতুব উদ্দীন উপস্থিত হয়ে দাবিগুলো পূরণের আশ্বাস দেন। পরে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন।

এ সময় আন্দোলনকারীরা পুলিশ সুপারের কাছে নয় দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন। 

স্মারকলিপি গ্রহণ করে পুলিশ সুপার বলেন, তাদের নয় দফা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থাসহ আগামীর সুন্দর নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সবার সঙ্গে একযোগে কাজ করবে পুলিশ।