২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় পুকুরে ডুবে ‘মানসিক প্রতিবন্ধী’ ২ সহোদরের মৃত্যু

অসাবধানতাবশত দুই ভাই বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে পড়ে তলিয়ে যান।

নওগাঁয় পুকুরে ডুবে ‘মানসিক প্রতিবন্ধী’ ২ সহোদরের মৃত্যু
প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2025, 04:05 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

নওগাঁর রাণীনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে; যাদেরকে মানসিক প্রতিবন্ধী বলছেন স্বজনরা।

শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান।

নিহতরা হলেন- মফিজ প্রামানিক (৬৫) ও হবিজ প্রামানিক (৪৫)। তারা ওই গ্রামের প্রয়াত হায়ের আলী প্রামানিকের ছেলে।

হতাহতদের ছোট ভাই বেলাল প্রামানিক বলেন, “মফিজ ও হবিজ মানসিক প্রতিবন্ধী। তারা দুপুর ১২টার আগে বাড়ির পাশে ঘোরাফেরা করছিলেন। এ সময় অসাবধানতাবশত তারা বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে পড়ে তলিয়ে যান।

“কিছুক্ষণ পর স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারি, আমার এক ভাই পুকুরের পানিতে ভাসছেন। পরে স্থানীয়দের সহায়তায় ওই পুকুরে গিয়ে প্রথমে এক ভাইয়ের লাশ উদ্ধার করি। পরে পুকুরে তল্লাশি করে আরেক ভাইয়ের মৃতদেহ পাই।”

ওসি রায়হান বলেন, “দুই সহোদরের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুইজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।