নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও
ঘরের বিদ্যুতের তার ছিদ্র হয়ে পুরো ঘরসহ উঠানে টানানো জিআই তার বিদ্যুৎতায়িত হয়ে পড়েছিল।
নরসিংদীর মনোহরদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের চরমান্দালিয়া গাংকুলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন মনোহরদীর রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইউসুফ আলী।
নিহতরা হলেন, ওই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী ওয়াহিদা খাতুন (৫৭) ও তার ছেলে ফারুক হোসেন (৩৬)। ফারুক পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়দের বরাতে ইউসুফ আলী জানান, দুপুর ২টার দিকে ফারুক হোসেন বাজার থেকে মাছ বিক্রি শেষে বাড়িতে ফিরেন। পরে গোসল শেষে ভেজা লুঙ্গি বাড়ির উঠানে জিআই তারে টানাতে যান।
“এসময় তিনি বিদ্যুতায়িত হন। পাশেই কাজ করছিলেন তার মা ওয়াহিদা খাতুন। ফারুককে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু ঘটে। ”
পরে প্রতিবেশীরা এসে দুজনের মরদেহ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, কাপড় শুকানোর জন্য উঠানের ওপর দিয়ে এক ঘরের চাল থেকে অপর ঘরের চাল পর্যন্ত জিআই তার টানানো ছিল। ঘরের বিদ্যুতের তার ছিদ্র হয়ে আগেই পুরো ঘরসহ জিআই তার বিদ্যুৎতায়িত হয়ে পড়েছিল। পরে ভেজা কাপড় লাগা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন ফারুক।
পুলিশ কর্মকর্তা ইউসুফ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
