২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর প্রলোভন দিয়ে ডেকে নিয়ে হত্যা, তিন বছর পর জানল পরিবার

তিন বন্ধুকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ এই তথ্য জানতে পেরেছে বলে জানানো হয়।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 10:30 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

তিন বছর পর শেরপুরের নকলা উপজেলার ব্যাটারিচালিত ভ্যানের চালক আব্দুল মন্নাছ হত্যার জট খোলার দাবি করেছে পিবিআই।  

বুধবার দুপুরে জেলা শহরের পুরাতন গরুহাটি এলাকায় পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংস্থাটির পুলিশ সুপার পংকজ দত্ত।

তিনি দাবি করেন, নারীর প্রলোভন দিয়ে মন্নাছকে বাড়ি থেকে ডেকে নেয় তারই তিন বন্ধু। পরে তাকে শ্বাসরোধে হত্যা করে ভ্যানটি নিয়ে নেয় তারা।   

মন্নাছের তিন বন্ধুকে গ্রেপ্তার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ এই তথ্য জানতে পেরেছে বলে জানানো হয়। 

গ্রেপ্তার তিনজন হচ্ছেন- নকলা উপজেলার পাঠাকাটা গ্রামের নওয়াব আলী নবাবের ছেলে মুস্তাকিম ওরফে মুস্তাকিন (৩০), ভূরদী গ্রামের ইসলাম ওরফে রমজান আলীর ছেলে মো. শাহিন (৪০) এবং টালকী উত্তরপাড়া গ্রামের ছায়েদুল ইসলাম ওরফে ছাদুর ছেলে মো. স্বপন (৪২)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৩ সালে ২৩ ডিসেম্বর সন্ধ্যায় নকলার পাঠাকাটা বাড়ি থেকে ভ্যানচালক আব্দুল মন্নাছকে নারীর প্রলোভন দিয়ে ডেকে নিয়ে যায় তিন বন্ধু মোস্তাকিন, স্বপন ও শাহীন। এরপর রাত ১০টার দিকে উপজেলার বাঘমারী বিলের কাছে নিয়ে আব্দুল মন্নাছকে শ্বাসরোধ করে হত্যা করেন তারা। পরে ওই বিলে কাদা ও কচুরিপনাা দিয়ে মরদেহ ঢেকে রাখা হয়। 

আর মন্নাছের ভ্যানগাড়িটি নিয়ে চলে যান ওই তিন বন্ধু। পরবর্তীতে ভ্যানগাড়িটির ব্যাটারি ১৪ হাজার টাকায় এবং অন্যান্য যন্ত্রপাতি আট হাজার টাকায় বিক্রি করে তিনজনে ভাগাভাগি করে নেয়। 

পিবিআইয়ের পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, ঘটনার দুদিন পর ২৫ জুলাই আব্দুল মন্নাছের মরদেহ উদ্ধার করা হয়। ওইদিন তার স্ত্রী আছমা আক্তার অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। 

২০২৪ সালের ৫ জুলাই আদালতের নির্দেশে মামলার তদন্তভার পায় পুলিশ। প্রথমে এসআই রফিকুল ইসলাম তদন্ত করলেও পরে বদলিজনিত কারণে এসআই জাহাঙ্গীর আলম মামলাটির তদন্ত করে।

এরপর বিভিন্ন সময় পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

মামলার বাদী আব্দুল মন্নাছের স্ত্রী আছমা আক্তার বলেন, “এতদিন পর হলেও আমার স্বামীর হত্যাকারীদের নাম জানতে পেরে স্বস্তি বোধ করছি। এখন আমি তাদের সঠিক ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 

“স্বামীর অবর্তমানে আমার একমাত্র ছোট ছেলের পড়াশোনা, সংসার চালানো খুব কষ্টকর হয়ে যাচ্ছে।  আমি সরকারের সহযোগিতা চাই। আমার চলার মত কিছুই নেই এখন। ভ্যানগাড়িটিই আমাদের সম্বল ছিল, সেটি চালিয়েই আমার স্বামী সংসার চালাতেন।”