১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বেনাপোলে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক

“ধারণা করা হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত কোনো দেশে ঢোকার জন্য তারা এ ভিসা লাগিয়েছিল।”

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2025, 02:33 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

ভারত থেকে ট্রাক ড্রাইভারের মাধ্যমে আসা ২০টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করেছে বেনাপোল স্থলবন্দরের কর্মীরা। যার প্রত্যেকটিতে সাইবেরিয়ার ভিসা লাগানো। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল গেট থেকে পাসপোর্টসহ বন্দরের নিরাপত্তাকর্মী তাকে আটক করে বলে জানান বেনাপোল বন্দরের নিরাপত্তা সংস্থা আনসার কমান্ডার হেলালউজ্জামান।

আটক ট্রাক চালককের নাম বেচারাম প্রামাণিক; বয়স ৪৩। ট্রাকটির নম্বর WB-25 F-4310. 

হেলালউজ্জামান বলেন, “আগেই আমাদের কাছে গোপন সংবাদ ছিল, ভারত থেকে অবৈধভাবে ভারতীয় এক ট্রাক চালকের মাধ্যমে বাংলাদেশি বেশ কিছু পাসপোর্ট পাঠানো হচ্ছে। বিষয়টি জানার পর বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল গেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এক পর্যায়ে সন্দেহভাজন ওই ট্রাক চালক পেট্রাপোল বন্দরের কার্যক্রম শেষ করে বাংলাদেশে প্রবেশ করে বন্দর ভেহিকেল টার্মিনাল গেটে আসার পর তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করা হয়।

“এ সময় ওই ব্যাগের মধ্যে থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়। ওই পাসপোর্টের প্রত্যেকটিতে সাইবেরিয়ার ভিসা লাগানো রয়েছে। আটক ট্রাক চালককে পাসপোর্টসহ থানা পুলিশে সোপর্দ করার কার্যক্রম চলমান আছে।”

এ নিরাপত্তা কর্মকর্তা বলেন, “পাসপোর্টগুলো ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনছিল ট্রাক চালক বেচারাম প্রামাণিক। সবগুলো পাসপোর্টে গত ২৪ জুন সাইবেরিয়ার ভিসা লাগানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত কোনো দেশে ঢোকার জন্য তারা এ ভিসা লাগিয়েছিল।”