Published : 23 Jul 2026, 03:26 PM
প্রায় ছয় বছর আগে ফরিদপুরের সালথা উপজেলায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আবুল বাসার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অর্চনা দাস জানান।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম শওকত মিয়া (৩৮)।
মামলার বরাতে আইনজীবী বলেন, ২০২০ সালের ২২ মে বিকালে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী বাড়ির পাশে নিজেদের সবজি ক্ষেত দেখতে যায়। তখন শওকত শিশুটিকে তুলে নিয়ে পাটক্ষেতে ধর্ষণ করে।
পরে শিশুটিকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থা উদ্ধার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ‘ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে’ ভর্তি করা হয়। পর দিন শিশুটির বাবা বাদী হয়ে শওকত মিয়াকে একমাত্র আসামি করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০২০ সালের ৫ অক্টোবর অভিযোগপত্র দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে আইনজীবী অর্চনা দাস বলেন, বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।