মৃত্যুর ২ বছর পর ‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি
গেজেটের কপি হাতে পেয়ে স্ত্রী, তিন মেয়ে ও স্বজনরা আবেগে কান্নায় ভেঙে পড়েন।
স্বাধীনতার ৫৪ বছর এবং মৃত্যুর দুই বছর পর বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা মো. কেরামত আলী খান ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন।
শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত গেজেটে তার নাম প্রকাশ করা হয়েছে।
উপ-সচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত সেই গেজেটের কপি হাতে পেয়ে স্ত্রী, তিন মেয়ে ও স্বজনরা আবেগে কান্নায় ভেঙে পড়েন।
কেরামত আলী খান পুলিশের এএসআই পদে কর্মরত থাকা অবস্থায় ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ঢাকার বনশ্রী আল-রাজী হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত অবস্থায় মারা যান। মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের আবেদন করা হলেও গেজেটে নাম না থাকায় তা সম্ভব হয়নি। পরে তাকে বাড়ির আঙিনায় দাফন করা হয়। তার বাড়ি বরিশালের বানারীপাড়া পৌরসভার কুন্দিহার এলাকায়।
কেরামত আলী খানের স্ত্রী জাহানারা কেরামত বলেন, স্বামীর জীবদ্দশায় মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির জন্য পুলিশের আইজিপি থেকে শুরু করে স্বরাষ্ট্র, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ও জামুকাসহ বহু দপ্তরে ধরনা দিয়েছেন।
“মৃত্যুর আগে একবার যদি নিজ চোখে গেজেটে নিজের নাম দেখতে পেতেন, তাহলে কতটাই না খুশি হতেন। আজ তার স্বীকৃতি পেলেও আফসোসের বোঝা আমাদের সারাজীবন বয়ে বেড়াতে হবে।”
জ্যেষ্ঠ কন্যা কামরুন্নাহার রুবী স্মৃতিচারণ করে বলেন, “বাবা প্রতিবছর বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে যেতেন। ফিরে এসে বলতেন, আমি প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও সম্মান থেকে বঞ্চিত। আজ যদি তিনি বেঁচে থাকতেন এই গেজেট দেখে খুশি হতেন।”
পরিবার জানায়, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে কেরামত আলী খান সম্মুখ সারির যোদ্ধা হিসেবে অংশ নেন। স্বাধীনতার পর তিনি পুলিশ বিভাগে যোগ দেন। সার্ভিস বুকে তার নামের আগে ‘মুক্তিযোদ্ধা’ লেখা থাকলেও সরকারি তালিকায় নাম ছিল না। তার আবেদন পর্যালোচনা করে ২০২৩ সালের ২৬ জুলাই উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই কমিটি তাকে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে সুপারিশ করে এবং সেই প্রতিবেদন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে পাঠানো হয়। এর ভিত্তিতেই তার নাম চূড়ান্তভাবে গেজেটভুক্ত হয়।
বানারীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আইনুল হক বলেন, “কেরামত আলী খান মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়ার বিষয়টি তাকে জানিয়েছে। তবে তিনি আফসোস নিয়ে চলে গেছেন। জীবদ্দশায় স্বীকৃতি পেলে তিনি আরও গর্বিত হতেন। তবে মৃত্যুর পর হলেও তার প্রাপ্য সম্মান পেয়েছেন, এটাই সান্ত্বনা।”
