নারীকে বাঁচাতে খালে ঝাঁপ, দেড় দিন পর মিলল বৃদ্ধের মরদেহ
অন্যদের সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করতে পারলেও নিজে খালের পানির স্রোতে ভেসে নিখোঁজ হন আবুল কালাম।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নারীকে বাঁচাতে খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের মরদেহ ৩৬ ঘণ্টা পর ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ৭টার দিকে আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের সাতকপাট নামক এলাকার জিকে খাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন।
নিহত আবুল কালাম (৬৫) আলমডাঙ্গা পৌর এলাকার কাঁচাবাজার পাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মানসিক ভারসাম্যহীন এক নারী ব্রিজ থেকে খালে ঝাঁপ দেন। তাকে বাঁচাতে পথচারী আবুল কালামও খালের পানিতে ঝাঁপ দেন।
অন্যদের সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করতে পারলেও নিজে খালের পানির স্রোতে ভেসে নিখোঁজ হন আবুল কালাম।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। রাত থেকে খুলনা ফায়ার সার্ভিসের ছয় সদস্যের অভিজ্ঞ ডুবুরি দল টানা অভিযান চালায়। কিন্তু খোঁজ মেলেনি বৃদ্ধের।
ডাউকি গ্রামের বাসিন্দা হাসেম আলী বলেন, “শনিবার সকালে জিকে খালে জাল পাততে আসি। এসময় পানিতে তীব্র দুর্গন্ধ পেয়ে এক ব্যক্তির লাশ ভাসতে দেখি। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়।”
খবর পেয়ে আলমডাঙ্গা গণত্রাণ কমিটির সদস্য ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীদের সহযোগিতায় লাশটি উদ্ধারের পরে নিহতের স্বজনরা এসে তার পরিচয় নিশ্চিত করে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মামুন জানান, বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার রাত ৯ পর্যন্ত মরদেহ উদ্ধার অভিযান চালানো হয়েছে। টানা ১৫ ঘণ্টা পরও নিখোঁজ ব্যক্তির খোঁজ মেলেনি। খালের প্রায় ৩ কিলোমিটার জায়গা জুড়ে অনুসন্ধান চালানো হয়েছে।
“খালের পানি বেশি থাকা ও পাশে জঙ্গল থাকায় উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হয়েছিল। শনিবার সকালে ঐ এলাকা থেকে আরও এক কিলোমিটার দূর থেকে ওই বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।”
আলমডাঙ্গা থানার পরিদর্শক শেখ গণি মিয়া জানান, নিহত ব্যক্তি গত দু-দিন ধরে খালের পানিতে নিখোঁজ ছিলেন। সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে। পরে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করেছে।
