২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাস উল্টে খাদে, প্রাণ গেল নারীর

এ দুর্ঘটনায় আহত তিন জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2026, 01:17 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

বরিশালের গৌরনদী উপজেলায় বাস খাদে পড়ে এক নারী যাত্রীর প্রাণ গেছে। এ ঘটনায় তার স্বামী-মেয়েসহ আহত হয়েছেন তিন জন।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ জানিয়েছেন।

নিহত ৪৫ বছর বয়সী ইতি চক্রবর্তী বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা গুরুদাস চক্রবর্তীর স্ত্রী।

এ দুর্ঘটনায় গুরুদাস চক্রবর্তী (৬০) ও তাদের মেয়ে উপমা চক্রবর্তী (১৬) এবং স্বরুপকাঠি উপজেলার বাসিন্দা পবিত্র মজুমদার (৫০) গুরুতর আহত হয়েছেন।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশনের অফিসার মিজানুর রহমান বলেন, “ঢাকা থেকে বরিশালগামী ‘গ্রিনভিউ পরিবহনের’ একটি বাসের সামনের একটি চাকা নষ্ট হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে খাদে পড়ে।”

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ বলেন, আহতদের মধ্যে এক যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত তিন জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা জানান।