২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ হলে হামলায় ক্ষতি ৪ কোটি টাকা: উপাচার্য

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য বলেন, এসব ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2024, 06:45 PM

Updated : 26 Aug 2026, 10:06 AM

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০টি হলের ১৫৮টি কক্ষে হামলার ঘটনা ঘটেছে। এতে প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। 

শনিবার বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, আবাসিক হলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা তদন্তে বৃহস্পতিবার পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

তিনি বলেন, “সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এস এম এক্রাম উল্যাহকে আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন বকুলকে সদস্যসচিব করা হয়েছে। 

তদন্ত কমিটিকে ঘটনার বিবরণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং করণীয় সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ জন্য তাদের আট সপ্তাহ সময় দেওয়া হয়েছে।”

উপাচার্য বলেন, “আবাসিক হলের প্রাথমিক ক্ষয়ক্ষতির বিবরণ দিয়েছেন হল প্রাধ্যক্ষরা। তাতে দেখা গেছে, ১০টি হলের ১৫৮টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা।”

গোলাম সাব্বির সাত্তার আরও বলেন, “আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টা আগে নিশ্চিত করতে হবে। এছাড়াও হলগুলোকে বসবাসের উপযোগী করতে হবে। বেশকিছু হল এমন ক্ষতিগ্রস্ত যে, কেউ দেখলেও তার মনে আঘাত লাগবে। তাই আমরা চাই না, শিক্ষার্থীরা এসে এসব দেখুক। আমরা এসব সংস্কারের উদ্যোগ নিয়েছে।”

ক্যাম্পাসে সহিংসতার বর্ণনা দিতে গিয়ে উপাচার্য বলেন, “প্রথমে যে আন্দোলনটা হয়েছিল, কোটা সংস্কারের দাবিতে এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ছিল। কিন্তু গত ১৬ জুলাই একটা দুর্বৃত্তায়ন হয়ে গেল ক্যাম্পাসে। বাইরের লোক ঢুকে জ্বালাও-পোড়াও করে গেল।”

গোলাম সাব্বির সাত্তার বলেন, “এবার সন্ত্রাসী যে আকারে ক্যাম্পাসে এসেছে, তাদের যে চেহারা আমরা দেখেছি, তা আগামীর জন্য আশঙ্কাজনক। সবাইকে অনুরোধ করব, শান্ত হতে। এ সকল বিষয় নিয়ে শিক্ষার্থীদের ভাবতে হবে যে আমরা কীভাবে এগোতে চাই। কারণ, বিশ্ববিদ্যালয় মানেই এগিয়ে যাওয়া। আমরা একদিন যদি থেমে থাকি তাহলে কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছি। আমরা থেকে থাকতে চাই না। আমাদের এখনও যেতে হবে বহুদূর।”