২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি: গাজীপুর মহানগর বিএনপির স্বপন গ্রেপ্তার, বহিষ্কার ৪

“বিএনপিতে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর জায়গা নেই,” বলেন সাধারণ সম্পাদক মঞ্জুরুল।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 10:13 AM

Updated : 26 Aug 2026, 01:20 PM

টঙ্গী থানার চাঁদাবাজির মামলায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযোগে স্বপনসহ গাজীপুর মহানগরের চার নেতাকে বহিষ্কার করার কথা জানিয়েছে বিএনপি।

রোববার দুপুরে টঙ্গীর দত্তপাড়া দিঘীরপাড় এলাকা থেকে স্বপনকে করা হয়। তিনি টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকার কফিল উদ্দিন দেওয়ানের ছেলে।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পরে বেপরোয়া হয়ে ওঠেন স্বপন। বর্তমানে দলীয় কোনো পদে না থাকলেও সাবেক বিএনপি নেতা পরিচয়ে তিনি প্রকাশ্যে চাঁদাবাজি করে আসছিলেন।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ‘‘টঙ্গী পূর্ব থানায় স্বপনের নামে চারটি চাঁদাবাজির মামলা রয়েছে। পুলিশ তার অবস্থান নিশ্চিতের পর অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে৷’’

বিএনপির চার নেতা বহিষ্কার

এদিকে চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলাপন্থি কর্মকাণ্ডের জন্য স্বপনসহ গাজীপুর মহানগরের  চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। 

রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার (পাপ্পু), মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল হালিম মোল্লা, মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান (স্বপন) ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম (সাথী)।

গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম বলেন, “ওই চারজনের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে দল ওই সিদ্ধান্ত নিয়েছে।

“বিএনপিতে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর জায়গা নেই। এসব বিষয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি পর্যবেক্ষণ করেন। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই দল তার বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেবে।”