স্বৈরাচার গেছে, অদৃশ্য শক্তি কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে: তারেক রহমান
কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন।
দেশ থেকে স্বৈরাচার পালিয়ে গেলেও অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।
তিনি বলেছেন, “স্বৈরাচার বিদায় হয়ে পালিয়ে গেছে। অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে।”
শনিবার বিকালে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “অন্তর্বর্তী সরকার সংস্কারের যে প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবের ৯৫ শতাংশ প্রস্তাবনা আজ থেকে আরও আড়াই বছর আগে বিএনপি ৩১ দফার মাধ্যমে দেশের দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে। বিএনপি ছাড়াও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলও তাদের মতামত দিয়েছে।
“কোনো কোনো বিষয়ে হয়তো অন্যান্য কারও সঙ্গে আমাদের মতপার্থক্য আছে। কিন্তু বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার, দেশের মানুষের নিরাপত্তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে বিএনপির কারও সঙ্গে কোনো আপত্তি নেই।”
তিনি বলেন, “সরকার আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যবস্থা করবে। তাই যে কোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোনো বিকল্প নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বাংলাদেশের জনগণ। এই জনগণের সঙ্গে আমাদেরকে থাকতে হবে, জনগণকে আমাদের পাশে রাখতে হবে। যেকোনো মূল্যে আপনাদেরকে এটি নিশ্চিত করতে হবে।”
সম্মেলনের উদ্বোধক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বিএনপি উড়ে এসে জুড়ে বসা দল না। বিএনপি হচ্ছে, ফিনিক্স পাখির মত। অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা, অপবাদ ও অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে।
“অতীতে অনেকবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করার। এটা করতে গিয়ে যারা বিএনপির উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, হত্যা-গুম করেছে তারাই পরাজিত হয়েছে, তারাই পালিয়ে গেছে।”
নয় বছর পর কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এই সম্মেলন হয়।
জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সহসাংগঠনিক সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয় সন্ধ্যার পর। দুই হাজার ৯০ জন কাউন্সিলর ভোট দিয়ে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করবেন। সভাপতি পদে দুইজন এবং সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
