১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

অভিযানে ডিগ্রি ছাড়া চিকিৎসা প্রদান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যপণ্য তৈরি করায় এ জরিমানা করা হয় বলে জানান আব্দুল্লাহ আল ইমরান।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 05:52 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

চাঁদপুর শহরে বাজার তদারকি ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার শহরের মুক্তিযোদ্ধা সড়ক, প্রেস ক্লাব রোড ও কালিবাড়ি মন্দির এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, ডিগ্রি ছাড়া চিকিৎসা প্রদান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যপণ্য তৈরির অভিযোগে এ জরিমানা করা হয়।

তিনি বলেন, “জরিমানার অর্থ আদায় করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে নিউ মা ফার্মেসিতে ডিগ্রি ছাড়া চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগ পাওয়া যায়। সেখানে রোগীদের হাড়ভাঙার প্লাস্টার, প্রেসক্রিপশন প্রদান এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় এক রোগীর কাছ থেকে নেওয়া দুই হাজার ৭০০ টাকা ফেরত দেওয়া হয় এবং তাকে সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

একই অভিযানে কাশ্মিরি সুইটস অ্যান্ড লাইভ বেকারিতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যপণ্য তৈরি করার প্রমাণ পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া কৃষ্টি ক্যাফেতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণের অভিযোগে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশের একটি দল অংশ নেয়।