Published : 22 Jul 2026, 10:50 PM
জামালপুর সদর উপজেলায় বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার নান্দিনার লাহারীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব।
নিহতদের একজন হলেন মাদারগঞ্জ উপজেলার আমরিতলা গ্রামের আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৫২)।
নিহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তির নাম আরিফ চৌধুরী (২২)।
পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে জামালপুরের দিকে আসা একটি অটোরিকশাকে লাহারীকান্দা এলাকায় পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। আহত একজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি নাজমুস সাকিব বলেন, নিহত অন্যজনের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।