২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে আলাদা সড়কে গেল ৩ জনের প্রাণ

বাসচাপায় ইজিবাইক চালকসহ দুইজন এবং পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

রাজশাহীতে আলাদা সড়কে গেল ৩ জনের প্রাণ
প্রতীকী ছবি

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2024, 06:45 PM

Updated : 26 Aug 2026, 10:21 AM

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাসচাপায় ইজিবাইক চালকসহ দুইজন এবং পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ফায়ার সার্ভিসের মোড় এবং রাজাবাড়ীহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গোদাগাড়ী থানার ওসি আতাউর রহমান। 

নিহতরা হলেন- উপজেলার নাজিরপুর গ্রামের মজিবর রহমানের মেয়ে মর্জিনা খাতুন (৫০), গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর মহল্লার তাজিমুল ইসলামের ছেলে ইজিবাইক চালক মনিরুল ইসলাম (৫০) এবং বুজরুকপাড়া মহল্লার মিলন আলী (৩৮)।

ওসি আতাউর রহমান জানান, বুধবার ভোর ৫টার দিকে মর্জিনা খাতুন মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পথে রাজাবাড়ীহাট এলাকায় একটি পিকআপ পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অপরদিকে সকাল সাড়ে ৮টার দিকে মনিরুল ইসলাম তার ইজিবাইক নিয়ে উপজেলার ফায়ার সার্ভিসের মোড়ে সড়কে উঠছিলেন। এ সময় যাত্রীবাহী একটি বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মনিরুল ইসলাম ও যাত্রী মিলন আলী মারা যান। 

এ ঘটনায় বাসচালককে আটক করে তার বিরুদ্ধে সড়ক আইনে মামলা দেওয়া হয়েছে বলে জানান ওসি আতাউর রহমান

এ ছাড়া মর্জিনা খাতুন নিহতের ঘটনায় আলাদা মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।