ছাত্র আন্দোলনে হামলা: হবিগঞ্জে ‘সাবেক প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ’ ব্যক্তি গ্রেপ্তার
জাকরিয়া চৌধুরীর বিরুদ্ধে ঢাকার মিরপুর, রামপুরা, পল্টন থানা এবং সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার চারটি মামলা রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে হবিগঞ্জে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার দুপুরে শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে সেনাবাহিনীর সদস্যরা ওই ব্যক্তিকে আটক করে হস্তান্তর করে বলে হবিগঞ্জ সদর মডেল থানার মো. শাহাব উদ্দিন শাহীন জানান।
গ্রেপ্তার জাকারিয়া চৌধুরী (৪৫) মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামের আব্দুল্লাহ চৌধুরীর ছেলে। তিনি সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর ‘ঘনিষ্ঠ’ ছিলেন।
ওসি শাহাব উদ্দিন শাহীন বলেন, জাকরিয়া চৌধুরীর বিরুদ্ধে ঢাকার মিরপুর, রামপুরা, পল্টন থানা এবং সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার চারটি মামলা রয়েছে। এ ছাড়া অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে আরও সাতটি মামলা রয়েছে। ৫ অগাস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।
