বগুড়ায় ‘ফুটবল খেলা নিয়ে বিরোধে’ ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
কয়েকদিন আগে ফুটবল খেলা নিয়ে মুস্তাকিমের সঙ্গে অন্য স্কুলের এক ছাত্রের বাগবিতণ্ডা হয়।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ‘ফুটবল খেলা নিয়ে বিরোধের’ জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক স্কুলছাত্র খুন হয় বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার নওখিলা পি এন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান।
নিহত আব্দুল্লাহ সাঈম মুস্তাকিম (১৭) উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের প্রয়াত জয়নাল আবেদীনের ছেলে। সে নওখিলা পি এন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কয়েকদিন আগে ফুটবল খেলা নিয়ে মুস্তাকিমের সঙ্গে নিজামউদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রের বাগবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে দুপুরে বিদ্যালয়ের সামনে মুস্তাকিমকে একা পেয়ে তার ওপর হামলা করা হয়।
এক পর্যায়ে মুস্তাকিমকে ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নওখিলা পি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান কুমার সাহা বলেন, “মুস্তাকিমের মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ঘটনাটি বিদ্যালয়ের বাইরে ঘটেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
ওসি আসাদুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
