Published : 06 Mar 2024, 11:10 AM
বাড়তি পরিবহনের চাপে টাঙ্গাইলে মহাসড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন চালক ও যাত্রীরা।
বুধবার ভোররাত থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকা থেকে কালিহাতীর রসুলপুর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে বলে মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর জানান।
সাজেদুর বলেন, ভোর থেকে মহাসড়কে পরিবহনের চাপ বেশি। সেই সঙ্গে এলেঙ্গা থেকে সেতুপূর্ব পর্যন্ত দুই লেনে সড়কে পরিবহনের ধীরগতি হলেই ট্রাক চালকরা ঘুমিয়ে সড়কের পাশে থামিয়ে রাখেন। এতে পিছনের গাড়িগুলোও মনে করে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
তবে এলেঙ্গা থেকে ঢাকাগামী লেনে তেমন কোনো পরিবহন নেই বলে জানান তিনি।
যানজটের কারণে উত্তরবঙ্গগামী এবং ঢাকাগামী পরিবহনগুলো এলেঙ্গা থেকে ভুঞাপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতুপূর্ব আঞ্চলিক সড়ক ব্যবহার করে সেতু গোলচত্বর হয়ে চলাচল করছে।
শ্যামলী পরিবহনের চালক ইয়াকুব আলী বলেন, “মাঝে মধ্যেই ভোর থেকেই এই সড়কে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়তে হয়। তবে আজকে (বুধবার) সড়কে পরিবহনের অতিরিক্ত চাপ রয়েছে।
মীর মো. সাজেদুর বলেন, যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের সদস্যরাও কাজ করছে। আশা করছি বেলা বাড়ার সাথে সাথে যানজট নিরসন হবে।