গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
এ সময় আহত হয়েছেন আরও দুজন।
গাইবান্ধা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় গাইবান্ধা-সাঘাটা সড়কে এ ঘটনা ঘটে বলে গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা জানান।
নিহত আসাদুল ইসলাম (৪৫) সাঘাটা উপজেলার হলদিয়া গ্রামের আলতাফ মণ্ডলের ছেলে এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য।
আহত অপর দুইজনকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মোটরসাইকেলে আসাদুল ও তার দুই বন্ধু হলদিয়া থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে সড়কে পড়ে যান। ঘটনাস্থলেই আসাদুল মারা যান।
গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা বলেন, ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
