ময়মনসিংহে ‘জমির বিরোধে’ শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
কথা কাটাকাটির এক পর্যায়ে ওই শিক্ষককে আঘাত করা হলে তিনি মাটিতে পড়ে যান বলে জানায় পুলিশ।
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ‘জমি নিয়ে বিরোধের’ জেরে এক শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার বওলা ইউনিয়নের পরানগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান।
নিহত সাজ্জাত হোসেন কামাল (৫৫) ওই গ্রামের ছালাম ফকিরের ছেলে। তিনি ধোবাউড়া উপজেলার গোয়াতলা রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এক সন্তানের জনক ছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- ওই গ্রামের জাকারিয়া (৩৫) মহিবুল্লাহ (১৮) ও তাদের মা (৫০)।
ওসি মাহবুবুর রহমান বলেন, “কয়েকদিন ধরে জমি নিয়ে সাজ্জাত হোসেনের সঙ্গে তার চাচা আবুল খায়ের এবং চাচাতো ভাই জাকারিয়া ও মহিবুল্লার বিরোধ চলছিল। শুক্রবার সকালে নিজ পুকুর থেকে সেচপাম্পের সাহায্যে জমিতে পানি দেওয়ার সময় তার ভাতিজা ও ভাইয়ের স্ত্রী বাঁধা দেন।
“কথা কাটাকাটির এক পর্যায়ে সাজ্জাত হোসেনের শরীরে আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার গলা টিপে ধরা হয়। স্বজনরা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় সাজ্জাত হোসেনের বাবা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে।
ওসি মাহবুবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
