‘না চেয়ে পাওয়া’ পদ থেকে ছাত্রদল নেতাকে অব্যাহতি
কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় ফেইসবুক পোস্টে কোনো পদ না চাওয়ার দাবি করেন তিনি।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজোয়ান রহমান রাজু তালকদারকে অব্যাহতি দেওয়া হয়েছে। যদিও রাজুর দাবি, ওই কমিটিতে তিনি কোনো পদই চাননি।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে রেজোয়ান রহমান রাজুকে যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয়েছিল।
কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ব্যক্তিগত ফেইসবুক আইডিতে রাজু তালুকদার একটি পোস্ট করেন।
সেখানে তিনি লেখেন, “আসসালামু আলাইকুম, আমি রাজু তালুকদার। আজকে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে আমাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কিন্তু উক্ত কমিটি সম্পর্কে আমি অবগত নই। আমি আগেও কোনো রাজনীতির সঙ্গে ছিলাম না, ভবিষ্যতেও থাকব না।”
তার দেওয়া পোস্টের পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হয়।
এর পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ও সদস্য সচিব আব্দু্র রহিমের সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাজু তালুকদারকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রেজোয়ান রহমান রাজু তালকদারকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হল।
প্রেস বিজ্ঞপ্তিতে দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
রাজু তালুকদার টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আনিস তালুকদারের ছেলে।
তিনি বাঁশবাড়িয়া ডা. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
তার পদ পাওয়ার বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন বলেন, “রাজু ছাত্রদলের কমিটিতে পদ পেতে আমার কাছে তার জীবনবৃত্তান্ত জমা দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে তাকে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়। পদ পাওয়ার পর ফেইসবুকে দেওয়া পোস্ট দলীয় শৃঙ্খলা পরিপন্থি। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তাই উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে তাকে ওই পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে।”
যদিও রাজু তালুকদারে দাবি, কমিটির কোনো পদের জন্য তিনি কোনো জীবনবৃত্তান্ত জমা দেননি।
তার ভাষ্য, “আমরা নাম বলে কেউ হয়তো সিভি জমা দিয়ে থাকতে পারে। আগে আমি রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, ভবিষ্যতেও রাজনীতির সাথে থাকব না। এটিই আমরা বক্তব্য।”
