২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ১২ কেজি গাঁজার ব্যাগে মিলল ২ বিদেশি পিস্তলও

অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় গাঁজার ব্যাগটি পায় বিজিবি।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2025, 03:24 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় মাদক উদ্ধারে গিয়ে গাঁজাভর্তি ব্যাগ থেকে দুটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে বিজিবি। এ ছাড়া দুটি ম্যাগাজিন ও দুটি গুলিসহ ১২ কেজি গাঁজা জব্দ করা হয়। তবে কেউ আটক হয়নি।

রোববার মধ্যরাতে উপজেলার ধনপুর এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে জানান কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

বিজিবি জানায়, মধ্যরাতে যশপুর বিওপির অধীনে ভারত সীমান্তবর্তী ধনপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় বিজিবি। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ পাওয়া যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ১২ কেজি গাঁজার পাশাপাশি দুটি বিদেশি পিস্তল এবং ম্যাগাজিনসহ গুলি উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর লক্ষ্যে একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে। নির্বাচনকে সামনে রেখে ভারত থেকে অবৈধ পথে অস্ত্র আনা নিয়ে গোয়েন্দা তথ্য রয়েছে। 

তিনি বলেন, ভারত থেকে অবৈধ পথে এসব অস্ত্র দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর জন্য আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

অস্ত্র ও মাদক উদ্ধারের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।