২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ভষ্মীভূত তুলার কারখানা

ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2025, 12:23 PM

Updated : 26 Aug 2026, 11:37 AM

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আগুন লেগে একটি তুলার কারখানা পুড়ে গেছে।

এতে অন্তত এক কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে কারখানার মালিকের দাবি।

রোববার রাতে ফকিরহাটের লখপুর ইউনিয়নের ছোট খাজুরা এলাকার নিয়ামুল এন্টারপ্রাইজে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

ফকিরহাট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা (এসও) মো. শাহজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শাহজাহান বলেন, “তুলা কারখানা নিয়ামুল এন্টারপ্রাইজে আগুন লাগার খবর পেয়ে বাগেরহাট ও খুলনার চারটি ইউনিট সেখানে যায়। মুহুর্তের মধ্যে আগুনের শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে।

“আগুনে তুলা কারখানাসহ সেখানে উৎপাদিত তুলা ভষ্মীভূত হয়ে গেছে। আগুন নেভাতে চারটি ইউনিটকে বেগ পেতে হয়েছে।”

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, “অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে কারখানার মালিক পক্ষ দাবি করছেন। বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”