২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাদির মৃত্যু: ঝালকাঠিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

অবরোধের কারণে বরিশাল ও খুলনাগামী রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2025, 04:18 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার প্রতিবাদে তার নিজ জেলা ঝালকাঠিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ছাত্রজনতা।  

শুক্রবার জুমার নামাজের সদর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের কলেজ মোড় গিয়ে শেষ হয়। সেখানে বেলা ৩টার দিকে অবরোধ শুরু করে ছাত্রজনতা। মুহূর্তেই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

অবরোধের কারণে বরিশাল ও খুলনাগামী রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন আটকা পড়ে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

অবরোধকারীরা জানান, ওসমান হাদীর হত্যাকারীদের আগামী দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে না পারলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

তাদের দাবি, হাদির হত্যার ঘটনাটি পরিকল্পিত। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

বিক্ষোভে অংশ নেওয়া গণঅধিকার পরিষদের ঝালকাঠির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাগর বলেন, “হাদির হত্যাকারীর সঙ্গে প্রশাসনের কেউ জড়িত অথবা কোনো নেতা জড়িত। তা নাহলে অপরাধী পালিয়ে যেতে পারতো না। 

“আমরা বলবো, যতদিন খুনিকে গ্রেপ্তার করা না হবে ততদিন নির্বাচন হবে না।”

 বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ঝালকাঠি জেলা কমিটির সদস্য সচিব রাইয়ান বিন কামাল বলেন,“ওসমান হাদীর হত্যাকারীদের আগামী দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে না পারলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।” 

ঘটনাস্থলে পুলিশ রয়েছে জানিয়ে ঝালকাঠির সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, “শান্তিপূর্ণ আন্দোলনে কোনো ঝামেলা যেন না হয়, সে বিষয়ে সার্বক্ষণিক নজর রাখা হয়েছে ।”