Published : 23 Jul 2026, 03:54 PM
বগুড়া সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে সাবেক এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, বুধবার গভীর রাত আড়াইটার দিকে উপজেলার চালিতাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আতিকুর রহমান সাগর মণ্ডল (২৬) উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবারিয়া গ্রামের শাহাদাত মণ্ডলের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন।
নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে সাগর মণ্ডলের বিরোধ চলছিল। রাতে পরিবারের সদস্যরা ঘরে খাবার খাচ্ছিলেন। এ সময় সাগর বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বাইরে হইচই শুনে তার স্ত্রী মারজিয়া খাতুন ঘর থেকে বের হন।
মারজিয়া খাতুন বলেন, “তখন সাগরের জেঠাতো ভাই জুলহাসসহ ২০ থেকে ২৫ জনের একটি দল টিনের গেইট ভেঙে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তারা সাগরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে সাগর দৌড়ে পালানোর চেষ্টা করলে রাস্তায় পড়ে যান।”
তিনি বলেন, “স্বামীকে বাঁচাতে আমি চিৎকার শুরু করলে অস্ত্রধারীরা আমাকেও হুমকি দেয়। গুরুতর আহত অবস্থায় সাগরকে অটোরিকশায় করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময়ও তারা মানিকচকের শাওনের বাড়ির দিকে আমাদের পিছু নেয় এবং ভয়ভীতি দেখায়।”
পরে স্থানীয় লোকজন তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে সাগর মণ্ডলকে হত্যা করা হয়েছে।”
তিনি বলেন, সাগর মণ্ডলের বিরুদ্ধে মারামারি, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে মোট ছয়টি মামলা রয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।