গাজীপুরে বোতাম কারখানায় আগুন: নিহত বেড়ে ২
পুলিশের ধারণা, কারখানায় বিস্ফোরণের প্রথম দিকে তাদের মৃত্যু হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরি কারখানার আগুনে নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে।
রোববার রাত ৮টায় গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “এ পর্যন্ত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুটো মরদেহ আগুনে পুড়ে বিকৃত হয়ে গেছে। ফলে তাদের পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না।"
রোববার বেলা দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের ‘এম অ্যান্ড ইউ ট্রিমস’ লিমিটেড কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় বিকাল ৪টায় তা নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে আগুন লাগে। মুহুর্তেই বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। ওইসময় কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। কারখানার আশপাশে থাকা বসত বাড়ির লোকজন তাদের আসবাবপত্রসহ ঘরের বিভিন্ন জিনিসপত্র বাইরে নিরাপদ নিয়ে আসতে থাকে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, “যেহেতু কেমিক্যাল ড্রামের বিস্ফোরণের খবর ছিল, তাই গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের তিনটি, রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের দুটিসহ পাঁচটি ইউনিট ডাকা হয়। সবমিলিয়ে মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
“প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বিকাল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানায় প্রচুর কেমিক্যালের ড্রাম ছিল, আগুনের তাপে ড্রামগুলো ফুলে যাচ্ছিল। সেখান থেকে প্রচুর বিস্ফোরণও হচ্ছিল।”
আগুন নিয়ন্ত্রণে আসার পর গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন “আমরা পুরো কারখানা সার্চ করছি। ধারণা করছি, বিস্ফোরনের প্রথম দিকেই তাদের মৃত্যু হয়েছে।”
আরও পড়ুন :
