শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী লেখার অভিযোগে’ খুলনায় পত্রিকা অফিসে হামলা
“সন্ধ্যার পর কিছু মানুষ হামলা চালায়। তারা মালপত্র বাইরে ফেলে আগুন ধরিয়ে দেয়,” বলেন ওসি।
খুলনায় স্থানীয় ‘দেশ সংযোগ’ পত্রিকার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও জিনিসপত্রে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
পুলিশ বলছে, পত্রিকাটির বিরুদ্ধে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ লেখার অভিযোগ ওঠার পর বৃহস্পতিবার রাত ৮টার দিকে সেখানে হামলা হয়।
পত্রিকাটির সম্পাদক মুন্সী মো. মাহবুব আলম সোহাগ। তিনি খুলনা নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।
খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, “আজ পত্রিকাটির একটি সংবাদে শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের ‘সংসদ সদস্য’ উল্লেখ করা হয় বলে জানতে পেরেছি।”
ওসি বলেন, “সন্ধ্যার পর কিছু মানুষ পত্রিকা কার্যালয়ে হামলা চালায়। তারা কার্যালয় থেকে মালপত্র বাইরে ফেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়।
“পুলিশ গিয়ে আগুন নিভিয়ে ফেলে। আর যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।”
সম্পাদক মুন্সী মো. মাহবুব আলম সোহাগ বলেন, আওয়ামী লীগ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছিল। ভুলবশত পত্রিকায় সেটি হুবহু ছাপা হয়।
“এটা নিয়ে সমালোচনা সৃষ্টি হলে ভুল স্বীকার করে বিবৃতিও দেওয়া হয়। তারপরও হামলা হয়েছে। ফোন করে অনেকে হুমকিও দিচ্ছেন।”
সোহাগ অভিযোগ করেন, গত ৫ অগাস্ট তার পত্রিকার কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট হয়।
