মাদারীপুরে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত
দুর্ঘটনার পর মাইক্রো বাসসহ চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
মাদারীপুরের ডাসার উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় ইজিবাইক আরোহী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
রোববার দুপুরে উপজেলার কর্ণপাড়া এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান।
নিহত ৩৫ বছর বয়সী নাসিমা ডাসার উপজেলার পশ্চিম বোতলা এলাকার ইজু মিয়া শেখের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা বলছে, নাসিমা বেগম মাদারীপুরের একটি হাসপাতাল থেকে তার সদ্য সিজারিয়ান অপারেশন হওয়া মেয়েকে নিয়ে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন।
পথে পেছন থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসিমাকে মৃত ঘোষণা করেন।
ওসি এহতেশামুল বলেন, দুর্ঘটনার পর মাইক্রোবাসসহ চালক পালিয়ে গেছেন। আর নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
