২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল দিয়ে দেশ ছাড়তে গিয়ে ‘ছাত্রলীগ নেতা’ আটক

শার্শা ও বেনাপোল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রোধে সতর্কতা জারি করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2024, 07:59 PM

Updated : 26 Aug 2026, 10:11 AM

পরিচয় গোপন করে বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় এক ‘ছাত্রলীগ নেতা’ আটক হয়েছেন।

বুধবার দুপুরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয় বলে ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আজারুল ইসলাম জানান।

আটক সজীব হালদার ঢাকার নবাবগঞ্জ বন্দুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। 

বিজিবির বরাতে ওসি আজারুল বলেন, “সজীব হালদার নিজেকে কসমেটিকস দোকানের কর্মচারী পরিচয় দিয়ে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তার কাছে থাকা মোবাইল ফোনে ফেইসবুক আইডি চেক করে জানা যায়, সে ঢাকা নবাবগঞ্জের বন্দুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।” 

এদিকে, যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত পথে অনুপ্রবেশ রোধে সতর্কতা জারি করেছে বিজিবি। 

এরই মধ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে বিজিবির নজরদারি ও লোকবল। বন্দর এলাকাসহ স্থল ও রেলপথে নজরদারি বাড়ানো হয়েছে।  

সাধারণত অনুপ্রবেশকারীরা বেনাপোলের পুটখালী, গোগা, কায়বা, অগ্রভুলোট, রুদ্রপুর, দৌলতপুর, গাতিপাড়া, ঘিবা, সাদিপুর, বড়আঁচড়া, কাশিপুর ধাণ্যখোলা, রঘুনাথপুর, গোগা, শিকারপুর ও হরিশ্চন্দ্রপুর সীমান্ত পথ ব্যবহার করে থাকেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “সব সীমান্তে কঠোর নজরদারি রাখা হয়েছে। এসব সীমান্ত দিয়ে আওয়ামী লীগের কোনো জনপ্রতিনিধি বা সাবেক কোনো প্রতিনিধি অবৈধভাবে অনুপ্রবেশ না করতে পারে সে ক্ষেত্রে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রত্যেক বিওপি পোস্টে পেট্রোল ও অতিরিক্ত বিজিবি মোতায়ন করা হয়েছে।”

বেনাপোল ইমিগ্রেশন ওসি আজারুল ইসলাম বলেন, “ভারত থেকে সীমিত পরিসরে যাত্রী আসছে এবং বাংলাদেশ থেকে মেডিকেল যাত্রী সীমিত পরিসরে যাতায়াত করছেন। তবে বাংলাদেশ থেকে কোনো সাধারণ পাসপোর্টধারী যাত্রী ভারত প্রবেশের ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার কাছে যাচাই-বাছাই করতে হচ্ছে।”