Published : 10 Sep 2026, 03:51 PM
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য ও অনাকাঙ্ক্ষিত স্পর্শের চেষ্টার অভিযোগ ওঠা এক শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনাটি তদন্তে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে গঠন করা তদন্ত কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলম।
কমিটিতে টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদারকে আহ্বায়ক করে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস খানমকে সদস্য করা হয়েছে।
পাঠদান থেকে অব্যাহতি পাওয়া ফারুকুজ্জামান ফারুক টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক।
ইউএনও দিদারুল আলম বলেন, “যেহেতু বিদ্যালয়টি সরকারি প্রতিষ্ঠান। ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে ফারুকুজ্জামানকে পাঠদান থেকে অব্যাহতি দিয়ে বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে, অর্থাৎ কর্মবিরতিতে রাখা হয়েছে।
“এ ছাড়া বিষয়টি তদন্তের জন্য চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সেটা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হবে। তখন ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আশা করি।”
ওই বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, অনাকাঙ্ক্ষিত স্পর্শের চেষ্টা ও ক্লাস শেষে খাতা দেখতে একা যেতে বলাসহ বিভিন্ন অভিযোগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শিক্ষক ফারুকুজ্জামানের শাস্তি ও বদলির দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
খবর পেয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার এবং ইউএনও মোহাম্মদ দিদারুল আলম ঘটনাস্থলে যান। পরে বিচারের আশ্বাসে ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে শ্রেণিকক্ষে ফিরে যান শিক্ষার্থীরা।