‘চোর অপবাদে’ ভিক্ষুককে মারধর করে ২০০ টাকা ধরিয়ে দিলেন গৃহকর্তা
লক্ষ্মীপুরের কমলনগরে মারধরে আহত যুবককে হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ‘চোর অপবাদে’ বাক প্রতিবন্ধী এক ভিক্ষুককে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের পর তাকে ২০০ টাকা ধরিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
বুধবার বিকালে উপজেলার হাজিরহাট উত্তর বাজার এলাকার চরফলকন গ্রাম থেকে রক্তাক্ত অবস্থায় ওই ভিক্ষুককে উদ্ধার করা হয় বলে জানান কমলনগর থানার ওসি ফরিদুল আলম।
তাৎক্ষণিক ভিক্ষুকের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশের দাবি, লোকটি কথা বলতে পারেন না। তাকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আছরের নামাজের পর ওই গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিনের বাড়িতে পাঞ্জাবি পরা এক যুবক ভিক্ষার জন্য প্রবেশ করেন। এক পর্যায়ে বোরহান তাকে মেরে রক্তাক্ত করে বাড়ি থেকে বের করে দেন। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তবে বোরহান উদ্দিনের দাবি, “লোকটি ভিক্ষার জন্য নয়, চুরি করতে বাড়িতে ঢুকে। বাড়িতে মহিলারা ছাড়া পুরুষ কেউ ছিল না। আমি বাড়িতে এসে তাকে বের করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু সে বের হচ্ছিল না।
“এতে ধাক্কাধাক্কি করলে এক পর্যায়ে উষ্ঠা খেয়ে পড়ে গিয়ে তার ঠোঁট ফেটে যায়। তাকে মারধর করা হয়নি। এখন থানায় গিয়ে পুলিশ দেখা করতে বলেছে।”
ওসি ফরিদুল আলম বলেন, “লোকটি কথা বলতে পারছেন না, প্রতিবন্ধী মনে হচ্ছে। তার নাম-পরিচয় জানতে পারিনি। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
