গাইবান্ধায় জমির সীমানা নিয়ে বিরোধে কলেজছাত্র খুন, আটক ২ নারী
এ ঘটনায় আহত হয়েছেন নিহতের বড় ভাই।
গাইবান্ধা সদর উপজেলায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক কলেজছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত হয়েছেন নিহতের বড় ভাই। এ ঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বোয়ালী ইউনিয়নের পূর্ব পিয়ারাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
নিহত ফাহমিদ রুমন (১৯) ওই গ্রামের ফারুক ইসলামের ছেলে। তিনি গাইবান্ধা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আহত ফারদিন রুহিত (২১) গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আটকরা হলেন- ওই গ্রামের ছানা মিয়ার স্ত্রী বেবি বেগম এবং আকিব মিয়ার স্ত্রী ইতি বেগম।
পুলিশ ও এলাকাবাসী জানান, জমির সীমানা নিয়ে একই গ্রামের ছানা মিয়ার সঙ্গে রুমনদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনার জেরে রাতে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়।
এক পর্যায়ে ছানা মিয়া ও তার ছেলে ছুরি নিয়ে রুহিতের ওপর আক্রমণ করেন। এ সময় বড় ভাইকে বাঁচাতে রুমন এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।
স্বজনরা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত বলে ঘোষণা করেন।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। মামলার প্রস্তুতি চলছে। অন্যদের আটকে অভিযান অব্যাহত আছে।
