১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে প্রাইভেট কার, নিহত ৫

“চালক ট্রাকের পেছনে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ভেতরে আটকা পড়ে ছিলেন।”

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2026, 11:46 AM

Updated : 11 Sep 2026, 03:19 PM

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে ঢুকে পড়া একটি প্রাইভেট কারের পাঁচ আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়ের মালিগ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবচর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান।

তিনি বলেন, প্রাইভেট কারটি ঢাকা থেকে যশোরের উদ্দেশে যাচ্ছিল। পথে মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির প্রাইভেট কারটি ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দিয়ে নিচে ঢুকে পড়ে। 

এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয় জানিয়ে ওসি মিজানুর বলেন, আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাকিব নামে আরেকজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন—যশোরের ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), ছেলে আরিফ ইসলাম (২৪), একই গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী আয়েশা বেগম (২৮), রাকিব (১৮) এবং প্রাইভেট কার চালক মনিরামপুর উপজেলার চালুহাটি গ্রামের জাহিদ হোসেন (৩৫)। আহতরা হলেন—আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)। তারা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।

শিবচর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালায়। আহতদের চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করা হয়। 

“দুর্ঘটনার পর প্রাইভেট কারের চালক ট্রাকের পেছনে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ভেতরে আটকা পড়ে ছিলেন। পরে গাড়ির ক্ষতিগ্রস্ত অংশ কেটে তার মরদেহ উদ্ধার করা হয়।”