১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পঞ্চগড়ে সব সরকারি হাসপাতালে চিকিৎসকের দাবিতে মানববন্ধন

বৈষম্যহীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা এবং আড়াইশ শয্যা ভবন চালু করাসহ ৫ দফা দাবি তুলে ধরেন বক্তারা।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2025, 06:59 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

আধুনিক সদর হাসপাতালসহ পঞ্চগড়ের সব সরকারি হাসপাতালে চিকিৎসক সংকট দূর করার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক কমিটির তরুণরা।

বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচিতে তারা চিকিৎসা খাতে বৈষম্য দূর করার দাবিও জানিয়েছেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফজলে রাব্বি, জাতীয় নাগরিক কমিটি পঞ্চগড়ের প্রতিনিধি নয়ন তানবীরুল বারী, আতাউর রহমান সানি, শিশির আসাদ, হাবিবুর রহমান, বায়েজিদ বোস্তামিসহ জেলা ও উপজেলা থেকে আসা প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে নয়ন তানবীরুল বারী বলেন, “দীর্ঘদিন ধরেই সীমান্ত জেলা পঞ্চগড়ের স্বাস্থ্যখাত চরম বৈষম্যের শিকার। বার বার আন্দোলন করেও এ সমস্যার সমাধান হয়নি।

“জেলার সরকারি হাসপাতালগুলোর চিকিৎসকের ১৬৯টি পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র ৪৫ জন। এছাড়া অন্যান্য জনবল, যন্ত্রপাতি থেকে শুরু করে সব দিক থেকেই এ জেলার স্বাস্থ্যখাত পিছিয়ে আছে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফজলে রাব্বি বলেন, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার জন্য নতুন বহুতল ভবন নির্মাণ করা হলেও জনবলের অভাবে তা এখনো চালু করা হয়নি। 

তিনি আরও বলেন, হাসপাতালে চিকিৎসক না থাকায় জরুরি রোগী নিয়ে রাত-দুপুরে এ জেলার অসহায় দরিদ্র মানুষকে ছুটতে হয় রংপুর, দিনাজপুর কিংবা ঢাকায়। পথেই মারা যায় অনেক রোগী। 

এছাড়া চিকিৎসার চেয়েও যাতায়াত খরচ বেশি পড়ে যায়। যা অনেক দরিদ্র মানুষের পক্ষে বহন করা সম্ভব নয়। 

অল্পসংখ্যক যেসব চিকিৎসক রয়েছেন তারা সেবা দিতে নিয়মিত হিমশিম খাচ্ছেন। এভাবেই জেলা স্বাস্থ্য ব্যবস্থা পিছিয়ে পড়ছে বলে জানান তিনি।

মানববন্ধনের বক্তারা বৈষম্যহীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা এবং চিকিৎসক সংকট দূর করা এবং আড়াইশ শয্যা ভবন চালু করাসহ ৫ দফা দাবি তুলে ধরেন। 

একই সঙ্গে দেশ ও মানুষের প্রয়োজনে সব গণতান্ত্রিক আন্দোলনে নিজেদের নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।