২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় নারীকে ‘গাছে বেঁধে নির্যাতন’: মামলা হলেও গ্রেপ্তার নেই

তবে জয়নাল ফরায়েজি এ ঘটনার সঙ্গে তার জড়িত থাকার কথা অস্বীকার করেন।

কুমিল্লায় নারীকে ‘গাছে বেঁধে নির্যাতন’: মামলা হলেও গ্রেপ্তার নেই
ওই নারী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2024, 01:18 AM

Updated : 26 Aug 2026, 10:30 AM

কুমিল্লার নাঙ্গলকোটে বিধবা নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগের মামলার সাত দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ঘটনাটি ঘটেছে গত ১৪ সেপ্টেম্বর উপজেলার একটি গ্রামে।

আক্রান্ত নারীকে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই নারী বর্তমানে হাসপাতালের বেডে কাতরাচ্ছে।

শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী বলেন, গত ১৪ সেপ্টেম্বর বাড়িতে তিনি একাই ছিলেন।  

বাড়ির জয়নাল ফরায়েজি ও তার আত্মীয়-স্বজনরা ওই নারীর গাছের জাম্বুরা ও নারকেল পেড়ে নিচ্ছিল।  

বাধা না দিয়ে এই দৃশ্য ভিডিও করার চেষ্টা করছিলেন তিনি। এটি তারা দেখে ফেলে।

এরপর জয়নাল ফরায়েজি ও তার আত্মীয়-স্বজনসহ অন্তত ১২ জন তার ওপর হামলা চালায়।

ওই নারী বলেন, “প্রথমে তারা আমাকে তাদের ঘরের সামনে নিয়ে লাঠিপেটা করে। আমি চিৎকার করলে আশেপাশের লোকজন জড়ো হওয়ার চেষ্টা করেন। কিন্তু ভয়ে কেউ এগিয়ে আসেননি।

“একপর্যায়ে তারা আমাকে টেনে-হিঁচড়ে একটি নারকেল গাছের সঙ্গে বাঁধে। সেখানে গলায় চাকু দিয়ে অসংখ্যবার আঘাত করে জয়নালের মেয়ে জামাই।

“তখন তারা বলতে থাকে, ‘মামলা যখন খাব, একেবারে মেরেই ফেল।’ এরপর জ্ঞান হারিয়ে ফেলি।”

তিনি বলেন, “খবর পেয়ে প্রায় পাঁচ ঘণ্টা পর শহর থেকে মেয়ে, মেয়ের সহপাঠী ও প্রতিবেশীরা আমাকে হাসপাতালে ভর্তি করায়।”

তার অভিযোগ, “স্বামী মারা যাওয়ার পর গত ১১ বছর ধরে জয়নাল তাকে নানাভাবে হয়রানি করে আসছে।”

তিনি জয়নালের বিচার ও শাস্তি চান।

তবে জয়নাল ফরায়েজি এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন।

তিনি বলেন, “শুনেছি, বাড়িতে মহিলা-মহিলারা ঝগড়া করেছে। ওই নারী আমার বিরুদ্ধে অপপ্রচার করছেন।”

শুক্রবার রাতে নাঙ্গলকোট থানার ওসি এ কে এম ফজলুল হক বলেন, “এ ঘটনায় ভুক্তভোগী নারীর মেয়ে সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”