সিত্রাংয়ের আঘাত: এখনও বিদ্যুৎহীন অনেক জেলা, মেরামতে কর্মীরা
ঝড়ে এসব এলাকায় বিদ্যুতের বিতরণ ও সার্ভিস লাইনে ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে, যে কারণে সময় বেশি লাগছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো হাওয়ার আগে ও পরে দেশের দক্ষিণাঞ্চলের অধিকাংশ জেলা বিদ্যুৎবিহীন হয়ে যাওয়ার ১৮ ঘণ্টা পরও বেশ কিছু জেলায় বিদ্যুৎ ফিরে আসেনি।
বিতরণ সংস্থাগুলো বলছে, তাদের কর্মীরা মেরামত কাজ চালিয়ে যাচ্ছেন; কিছু এলাকায় অধিক পরিমাণে বিতরণ লাইন নষ্ট হওয়ায় মেরামতে সময় বেশি লাগছে। দিনের শেষভাগে অগ্রগতি ও ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র জানাতে পারবেন তারা।
মঙ্গলবার দুপুর পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুরের শহরাঞ্চল বিদ্যুৎবিহীন ছিল। উপকূলের আরও অনেক জেলার বড় অংশে বিদ্যুৎ ফেরেনি।
ঘূর্ণিঝড় সিত্রাং সোমবার সন্ধ্যা থেকে রাতভর ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। যাওয়ার আগে আঘাতের ছাপ রেখে গেছে উপকূলীয় জেলাজুড়ে। এর বড় একটা প্রভাব পড়েছে বিদ্যুৎ ব্যবস্থায়।
দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় ওইসব এলাকার বাসিন্দাদের ভোগান্তিও বাড়ছে। হাসপাতালসহ জরুরি সেবা বিঘ্নিত হচ্ছে। মোবাইল ফোন ও ইন্টারেনট যোগাযোগে বিভ্রাটও কাটেনি।
মঙ্গলবার ভোর নাগাদ ঝড়ের বিপদ কেটে গেলেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বাতাসের তীব্রতাও স্বাভাবিকের চেয়ে বেশি।
এমন পরিস্থিতির মধ্যেই লাইন মেরামত করে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনতে সকাল থেকে কাজে নেমে পড়েছেন বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর কর্মীরা।
কুমিল্লা জোনের পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিদ্যুৎ বিতরণকারী কোম্পানি ওজোপাডিকোর আওতাধীন ঝালকাঠি জেলা শহর, জেলার কাঠাঁলিয়া উপজেলা, ভোলার চরফ্যাশন, ফরিদপুরের ভাঙ্গা ও গোয়ালন্দায় চলছিল মেরামত কাজ।
ওজোপাডিকোর উপ সহকারী প্রকৌশলী শুভ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিতরণ লাইনে বড় বড় গাছ আছড়ে পড়েছে। কিছু এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে; তার ছিঁড়ে গেছে। সে কারণে মেরামতে একটু বেশি সময় লাগছে। মেরামত কাজ শেষ করতে আরও কয়েক ঘণ্টা লেগে যাবে।
সকাল ১১টার দিকে তিনি জানান, লাইন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে ঝালকাঠি জেলা শহরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। পাশাপাশি জেলার কাঠাঁলিয়া উপজেলা, ভোলার চরফ্যাশন, ফরিদপুরের ভাঙ্গা ও গোয়ালন্দা এই চার উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।
সার্বিক ক্ষয়ক্ষতির চিত্র বোঝার চেষ্টা চলছে জানিয়ে এ কর্মকর্তা বলেন, দিনের শেষ ভাগে বিদ্যুৎ পরিস্থিতির অগ্রগতির তথ্য দেওয়া যাবে।
পিডিবির কুমিল্লা অঞ্চলে দায়িত্বরত এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুমিল্লা অঞ্চলের আওতাধীন ছয় জেলা শহর (ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর ও লক্ষ্মীপুর) এখনও বিদ্যুৎবিহীন। সেখানে মেরামত কাজ চলছে।
ঝড়ে এসব এলাকায় বিতরণ ও সার্ভিস লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, মেরামত কাজ চলার কারণে অনেক লাইনে সংযোগ বন্ধ করা হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।
গ্রামাঞ্চলের বড় অংশজুড়ে বিদ্যুৎ সরবরাহকারী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) কর্মকর্তারাও আশা করছেন দ্রুত সব এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ মেরামতের কাজ শেষ হবে। অনেক স্থানে ফিরেছে এবং বাকিগুলোতে শিগগির সংযোগ দেওয়া সম্ভব হবে।
এ সংস্থার সদস্য দেবাশীষ চক্রবর্তী জানান, উপকূলীয় প্রায় সব জেলাতেই কমবেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া লাইনগুলো অনেকাংশেই মেরামত করা হয়েছে। কোনো জেলা এখন পুরোপুরি বিদ্যুৎহীন নেই।
"কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে এখন বিদ্যুৎ নেই। তবে কিছুক্ষণের মধ্যে সবগুলো লাইন সচল হবে বলে আমরা আশা করছি," যোগ করেন তিনি।
আরইবির পরিচালক (সিস্টেম অপারেশন) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা ক্ষয়ক্ষতির একটি চিত্র হাতে পেয়েছি। সেগুলো পর্যালোচনা চলছে। যাচাই বাছাই শেষে সংবাদমাধ্যমকে জানানো হবে।
বাংলাদেশে ঘূর্ণিঝড় সিত্রাং উপকূল অতিক্রম করতে শুরু করে সোমবার সন্ধ্যায়। তবে এর বেশ কয়েক ঘণ্টা আগে থেকে উপকূলীয় বেশ কয়েকটি জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তীব্র ঝড়ো হাওয়ায় গাছ পালা পড়ে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ বন্ধ রাখা হয়।
কোথাও কোথাও সকাল থেকেই বিদ্যুৎ চলে যায়। আগের দিন রাতেও আগাম সতর্কতা হিসেবে বিদ্যুৎ বন্ধ রাখার কথা সোমবার জানিয়েছিলেন সেসব এলাকার বাসিন্দারা।
বিদ্যুৎ না থাকার কারণে সেসব এলাকায় সোমবার দিনে ও রাতে মোবাইল ফোনের নেটওয়ার্কেও সমস্যা দেখা দেয়। সন্ধ্যার পর অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্ক আর কাজ করছিল না।
সোমবার সন্ধ্যায় ভারি বর্ষণ আর স্বাভাবিক জোয়ারের চেয়ে কয়েক ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস সঙ্গী করে বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’; ভোরের দিকে তা স্থল নিম্নচাপে পরিণত হয়।
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার আওতাধীন বরিশাল সদর, বাকেরগঞ্জ, হিজলা, মেহেন্দিগঞ্জ ও মুলাদী উপজেলায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
এই পাঁচ উপজেলায় মোট তিন লাখ ৩০ হাজার গ্রাহকের মধ্যে সকাল ১১টা পর্যন্ত ৩০ হাজার গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
তিনি বলেন, বিভিন্ন স্থানে গাছ উপড়ে বিদ্যুৎ সরবরাহের তার ছিঁড়ে পড়েছে। সেগুলো মেরামতের কাজ চলছে। তারের উপর পড়ে থাকা গাছ এবং ডাল অপসারণের কাজ চলছে। এই কাজ শেষে সব গ্রাহকের সংযোগ নিশ্চিত করা হবে বলে জানান পল্লী বিদ্যুৎ কর্মকর্তা।
জেলার বাকি এলাকাগুলোতেও একইভাবে মেরামত কাজ চলছে এবং লাইন পরীক্ষার পর বিদ্যুৎ সংযোগ দেওয়া শুরু হয়েছে বলে আরইবির অন্য কর্মকর্তারা জানান।
সোমবার রাত থেকে বিদুৎবিহীন ছিল বরিশাল নগরীর বড় অংশ; যেগুলোতে ঝড়ের ভয় কেটে যাওয়ার পর সংযোগ দেওয়া হচ্ছে।
নগরীর ২৩টি বিদ্যুৎ ফিডার সকালে চালু রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ সরবরাহকারী ওজোপাডিকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ টি এম তারিকুল ইসলাম।
