১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে পুলিশ দেখে ‘পালালেন চালক’, গাড়িতে মিলল ১ লাখ ইয়াবা

“গাড়ির পেছনে এক ব্যাগে ছোট ছোট ১০টি প্যাকেটে ১০ হাজার করে ইয়াবা বড়ি ছিল,” বলেন পুলিশ কর্মকর্তা আল মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 10:20 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর চেক পোস্ট দেখে গাড়ির চালক পালিয়ে যাওয়ার পর সেখান থেকে এক লাখ ইয়াবা উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ফিরিঙ্গী বাজার মেরিনার্স রোড থেকে গাড়িটি আটক করা হয়।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) মো. নূরে আল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় কোতোয়ালী থানা পুলিশের একটি দল মেরিনার্স রোডে চেক পোস্ট বসায়। 

"এসময় ফিরিঙ্গিবাজারের দিকে আসা সিলভার রঙের একটি কার চেক পোস্টের অদূরে থামিয়ে চালক পালিয়ে যায়।"

সহকারী কমিশনার মাহমুদ বলেন, পরে কারে তল্লাশি চালিয়ে পছনে একটি কালো ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভেতরে পলিথিন মোড়ানো প্যাকেট খুলে সেখানে ছোট ছোট ১০টি প্যাকেট পাওয়া যায়।

প্রতিটি প্যাকেটে ১০ হাজার করে মোট এক লাখ ইয়াবা বড়ি পাওয়া যায় বলে জানান তিনি।

থানার এক পুলিশ কর্মকর্তা জানান, গাড়িতে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। সেটি ধরে পুলিশ মাদকের চালানটির বিষয়ে তদন্ত করছে।