মানিকগঞ্জে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার
২০২৪ সালের ৫ই অগাস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুতফর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার রাতে তাকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হলেও অভিযান শেষে তাকে শনিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয় বলে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।
রোববার সকালে আইনি প্রক্রিয়া শেষে লুতফরকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
মামলার বরাতে হরিরামপুর থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, ২০২২ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হয় মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাসভবনে।
সেখানে হামলা, ভাঙচুর ও দলীয় নেতাকর্মীদের মারধরের ঘটনায় হরিরামপুর থানায় ৮৬ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করে ২০২৪ সালের ৩১ অক্টোবর মামলা করেন হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে ভিপি দুলাল। সে মামলার আসামি লুতফর।
২০২৪ সালের ৫ই অগাস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে ওসি মো. মজিবুর রহমান জানান।
