২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে পৃথক স্থান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

বেলাব, রায়পুরা ও মাধবদী থানা এলাকা থেকেব এসব মরদেহ উদ্ধার করে পুলিশ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2026, 05:40 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

নরসিংদীতে পৃথক স্থান হতে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে জেলার বেলাব, রায়পুরা ও মাধবদী থানা এলাকা হতে এসব মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

নিহতরা হলেন- রিয়াজুল ইসলাম আপন মিয়া (২৪), সাইফুল ইসলাম ভুঁইয়া (৪০) এবং ৭০ বছর বয়সী এক বৃদ্ধ।

বেলাব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাসির উদ্দীন বলেন, বৃহস্পতিবার বেলা ১১টায় রিয়াজুল ইসলাম আপন মিয়া  নামে এক ট্রলি চালকের মরেদেহ উদ্ধার করে পুলিশ। বেলাব-শিবপুর সড়কের পাশের একটি ধানের জমি হতে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আপন বেলাব উপজেলার বাজনাব গ্রামের মোস্তু মিয়ার ছেলে। তিনি ট্রলি চালানোর পাশাপাশি কাঠ মিস্ত্রির কাজ করতেন।

 নিহতের বাবা মোস্তু মিয়া জানান, গত রাতে এশা নামাজের পর বন্ধুর ডাকে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি তার ছেলে। সকালে খবর পান ধান ক্ষেতে তার ছেলের মরদেহ পড়ে আছে।

“আপনকে অন্য কোথাও হত্যা শেষে লাশ এখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছি।”

অপরদিকে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক দিলিপ চন্দ্র সরকার জানান, সকালে ঢাকা-চট্রগ্রাম রেলপথের রায়পুরার আমিরগঞ্জ রেলস্টেশন সংলগ্ন স্থান হতে অজ্ঞাত পরিচয় আনুমানিক ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, “ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তার মুখমণ্ডল ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় স্থানীয়রা পরিচয় শনাক্ত করতে পারেননি।

“পরে পিবিআই তথ্যপ্রযুক্তির মাধ্যমে চেষ্টা করেও পরিচয় শনাক্ত হতে পারেনি। পরিচয় শনাক্ত করার সব ধরনের চেষ্টা করা হচ্ছে।”

মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, “মনোহরপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে সাইফুল ইসলাম ভুঁইয়া নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।” 

তিনি বলেন, “‍নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে স্বজনদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

নিহত সাইফুল ইসলাম ভুঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গোপালদীর রামচন্দ্রদী গ্রামের সাফিজ উদ্দিন ভুঁইয়ার ছেলে।

তিনি মনোহরপুর বোর্ড স্কুল সংলগ্ন তৌফিকুল ইসলামদের বাড়িতে স্ত্রী, সন্তান নিয়ে ভাড়া থাকতেন বলে জানিয়েছে পুলিশ।